উন্নয়ন দেখতে বাংলাদেশে যেতে চান বেলজিয়ামের রাজা ফিলিপ - The News Lion

উন্নয়ন দেখতে বাংলাদেশে যেতে চান বেলজিয়ামের রাজা ফিলিপ




ঢাকা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রশংসনীয় আর্থ-সামাজিক উন্নয়ন করেছে। এ উন্নয়ন দেখতে বাংলাদেশ সফরে আসতে চান বেলজিয়ামের রাজা ফিলিপ। তিনি নিজেই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।  দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ রাজপ্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানে রাজার কাছে তার পরিচয়পত্র পেশকালে তিনি এ আগ্রহ প্রকাশ করেনে। 


এসময় রাজা ফিলিপ ১৯৯০ এর দশকের শুরুর দিকে বাংলাদেশে তার ব্যক্তিগত সফরের বিষয়টি স্মরণ করেন।  শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সালেহ্ বেলজিয়ামের রাজার কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, রাজা দম্পতি তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করলে বাংলাদেশ সরকার এবং জনগণ অত্যন্ত আনন্দিত হবে।  


রাজার কাছে পরিচয়পত্র পেশ করছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ রাষ্ট্রদূত আরো বলেন, ২০২১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে রাজ দম্পতির সফর বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে এবং দুই বন্ধুপ্রতিম দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় করবে।  রাজা ফিলিপ বাংলাদেশ ও বেলজিয়ামের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। 


 রাষ্ট্রদূত সালেহ্ এসময় দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান অত্যন্ত আকর্ষণীয় সুযোগ-সুবিধার বিষয়ে আলোকপাত করেন এবং বাংলাদেশের কয়েকটি সম্ভাবনাময় খাত যেমন- ওষুধশিল্প, তথ্য-প্রযুক্তি ও প্রকৌশল শিল্পে বেলজিয়ামের বিনিয়োগকারীদের সম্ভাব্য বিনিয়োগের কথা তুলে ধরে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।  


রাষ্ট্রদূত সালেহ্ রাজা ফিলিপকে রোহিঙ্গা সংকট সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন এবং ২০১৯-২০ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে এ বিষয়ে বেলজিয়ামের সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করেন।   বেলজিয়ামের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে একটি আনুষ্ঠানিক গাড়ি বহরযোগে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান ফাইয়াজ মুরশিদ কাজী এবং প্রথম সচিব ফখরুদ্দিন আহামেদ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.